Sunday, 2 December 2018

কবর

কিছু ধূলোয় রেখে যাবো
কিছু গোপন খবর
সযত্নে পড়ে নিও
আমার মৃত্যূর পর।

কিছু বিধি ছিঁড়ে দিলে
তুমি কি করে দেবে পর?
তবু শেষ কথা রেখো আমার,
জানি আমি হিঁদুর ঘর।


আগুনে আমার আমৃত্যূ ভয়
পোড়ার জ্বালায় আসে জ্বর,
মৃত্যূর পর তুমি দিও না দাহ ,
একমুঠো মাটি দিও,
আমায় দিও গো কবর।

তুমি

তুমি অভিমানী তুমি প্রেমময়
তুমি দুর্গা তুমি চন্দ্র তুমি অক্ষয়,
তুমি পাহাড় পটভূমি তুমি হিমালয়
তুমি আকাশ তুমি বাতাস তুমি বিশ্বময়।
.
তুমি সমুদ্রের বুকে বয়ে চলা নিরবধি-জল
তুমি তৃষ্ণা মিটায়ে জাগিয়ে তোল- বল
তুমি গভীর তুমি অতল তুমি নির্মল।
.
তুমি সবুজ ঘাসের পাতায় পাতায়
শিশির বিন্দুকণা
তুমি হেমন্তের কুয়াশাচ্ছন্ন মেঠোপথে
শান্ত রোদ্র'ছায়া।
.
তুমি উড়ে যাওয়া পাখির কণ্ঠে
মৃদু সুরে গেয়ে যাওয়া গান
তুমি হেমন্তের নতুন ফুলে জেগে উঠা
মৌমাছি প্রাণ।
তুমি সকালের সতেজ ফুলে ছড়ানো ঘ্রাণ।

শেষ বলতে কিছু নেই

আমি ধরা খেয়ে আসা মানুষ। ঠকেছি, হারিয়েছি, একসাথে পথ হাটতে হাটতে আঙুল ছেড়ে দিয়ে মানুষকে চলে যেতে দেখেছি। আমি দিনের পর দিন, রাতের পর রাত একই মানুষের কন্ঠস্বর শুনে সময় কাটিয়েছি। কারো চোখের দিকে তাকিয়ে দেখেছি স্বর্গ! আমি দেখেছি হৃদয়ের উপাসনালয়ে যাকে দেবী বানিয়ে পূজা করা হয়, সেই দেবীই একসময় উপাসনালয় ভেঙে বেরিয়ে যায়। মানুষের জীবন থেকে মানুষের চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে বুঝে গেছি, সব মানুষ জীবনে রয়ে যাওয়ার জন্য আসেনা। যার ঘোলাটে চশমার কাঁচ শার্টের নিচের অংশ দিয়ে মুছে দিয়েছি বহুবার, তাকে দেখেছি অন্য কারো জন্য কান্না করে চশমার কাঁচকে আবছা করে ফেলেছে।

এই যে আমি একবার ঠকে গেছি বলে আরেকবার কাউকে বিশ্বাস করবো না, এটা জীবন নয়। বিশ্বাস ভাঙ্গবে বলে বারবার বিশ্বাস করে যাওয়াটাই জীবন। জীবনে সব মানুষ যেমন রয়ে যাওয়ার জন্য আসে না, তমনি সব মানুষ চলে যাওয়ার জন্যও আসে না। কেউ কেউ লেগে থাকে। যেভাবে মাটি আকড়ে দাঁড়িয়ে থাকে গাছ, সেভাবে লেগে থাকে।

এই যে এখন ভাংচূর টাইপ প্রেম ঢুকে আছে বুকে, একদিন হয়তো থাকবে না। ভ্যানের উপর থেকে সবজি কেনার মানুষ তো মাঝে মাঝে বদলে যায়। এই যে আজকে তনু'র সাথে আছি, একদিন হয়তো তনু চলে যাবে বহমান স্রোতের মতন দূরে। এত'টা দূরে, যতটা দূরে গেলে মানুষকে দূরবীক্ষন যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না।

তনু থাকবে'না, এটা একটা অল্টারনেটিভ চিন্তা। হয়তো তনু রয়ে যাবে, আমি থাকবো'না। আমাদের দুজনের যেকেউই হারাতে পারে। আবার রয়ে যেতে পারি ডাইনিং টেবিলে, বারান্দার চেয়ারে, কফির মগে, পাশাপাশি বালিশে, সন্ধ্যার নালিশে।

মানুষটা থাকবে'না, এটা ভেবে ভালোবাসা যায় না। 
যেখানে ইনসিকিউরিটি বাসা বেঁধে ফেলে, 
সেখানে প্রেম প্রবেশ করতে বাঁধাগ্রস্ত হয়।

একবার ঠকে গিয়ে থেমে না গিয়ে হাটতে হয়, দৌড়াতে হয়, চলতে হয় মাইলের পর মাইল। একজনের পর অন্যজন আসে না, এই বিশ্বাসটাই আমাদের থামিয়ে রাখে। ভুল মানুষ চলে যায়, সঠিক মানুষ সঠিক সময়ে ঠিকই চলে আসে। মাঝে মাঝে এমন হয় যে, প্রথম প্রেম জীবনে আসে চতুর্থ প্রেমের সময়ে।

ভালোবাসা হারানোর পরও নতুন করে ভালোবাসতে শিখতে হয়।
ভালোবাসা থামিয়ে দিতে নেই। 
থামিয়ে দিতে হয় ঘৃণা, অযত্ন, অবহেলা ও ক্রোধ।