Monday, 3 June 2019

মুড়ে

আমাকে আঘাত করেছ যত,
অকালে বর্ষা নেমেছে তত,
অবিরাম স্রোতে ভিজে গিয়েছে বালিস,

যত্নে লালন করা চিন্তাগুলোকে
টুকরো টুকরো করে,
অনুভূতি গুলো চলে গিয়েছে সব,
পাথর হয়ে বহুদূরে।

সময়ের ডাকে হুঁশ ফিরেছে যখন
বৃথা চেষ্টা করেছি তা ভোলার,
কখনো পেরেছি, আবার কখনো বা
সে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমায়।

মনের সম্পর্কগুলোতে, নীরবতার মতো
সহ্য এসেছে এ ক্ষতের ভীড়ে।
উপাসনাগৃহ তাই আজও ফাঁকা হয়ে,
পড়ে রয়েছে স্বপ্নের নীল গালিচায় মুড়ে।

প্রশ্ন আছে হাজার

দিনগুলো সব অন্যকারো
রাতগুলো থাক আমার,
ক্লান্ত চোখে চেয়ে দেখি,
প্রশ্ন আছে হাজার।

ভীড়ের মধ্যে হারিয়ে ফেলেও
নতুন করে খোঁজা।
চলতে চলতে বুঝতে পারি,
এ পথ নয় সোজা!

বুকে আমার ব্যথা ভীষণ
উষ্ণতা চায় শরীর,
জ্বর এসেছে হঠাৎ করেই
অখ্যাত এক কবির।

গন্ধ ছোটায় হাসনুহানা
রাতের পল্লি পাড়ায়,
সময় তখন থমকে থাকে
শুধুই ভালোবাসায়।

আড়ালে

অনেক দিনের স্বপ্ন গুলো
আঘাতে আঘাতে আহত,
দেখছ তোমরা বেঁচে আছি
আসলে তো আমি মৃত।

বেলা অবেলায়, হেলায়- কত
হয়েছি নীরবে মর্মাহত,
তবু মুখ থেকে হয়, হাসি নির্গত
যার অন্তরায় ব্যথা শত।

আলোয় রাঙা হৃদয় ভাঙা, যত
মানুষের ভীড়ে- নত।
তোমরা মানুষ, সদা সুখ সঞ্চিত
আড়ালে আমি নিহত।