তুমিও যেমন ভেঙেছ ভেতরে পাহাড়
আমিও কেঁদেছি ঝরনাধারার মতো
পরস্পরের ব্যথাতুর মুখ চেয়ে
বুঝতে দেইনি কার বুকে কী যে ক্ষত।
.
তুমিও জেগেছ রাত্রির পরে রাত
আমারও একলা লেগেছে যখন তখন
ডাকবো ভেবেও ফিরে গেছি কতবার
ভেবেছি, বেশতো রয়েছি যে যার মতোন।
.
হঠাৎ কখনো স্মৃতিজাগানিয়া ক্ষণে
আনমনে তুমি ভেবেছ আমারই কথা
আমিও তোমাকে নিরবে করেছি লালন
ভালোবাসা মানে কথা নয়- নিরবতা।
.
তোমাকে চেয়েছি যতটা পেয়েছি ততই
তোমাকে ছুঁয়েছি হৃদয় যতটা বলে
তোমাকে ভুলেছি, তুমি তো রয়েছ মনেই
মনেই রেখেছি ভুলে থাকবার ছলে।
.
তুমিও লিখেছ শত সহস্র চিঠি
জানি, পাঠাওনি ফিরে আসবার ভয়ে
কত দূরে তবু কত বেশি কাছাকাছি
আমরা বেঁচেছি ক্ষমাহীন পরাজয়ে।
.
তুমিহীন এই ব্যথিত জীবন জানে
আমিহীন তুমি কত বেশি নাবালীকা
তবু তুমি দূরে তবু আমি খুব একা
হৃদয়ে হৃদয়ে তবু হারানোর শোক।
No comments:
Post a Comment